এনসিপির নির্বাচনী সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

0
14
এনসিপির নির্বাচনী সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি নাহিদ ইসলামের উদ্দেশে এই অভিনন্দন বার্তা পাঠান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে “সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের” সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে “তাৎপর্যপূর্ণ অধ্যায়” হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে মাত্র এক বছর আগে গড়ে ওঠা একটি নতুন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, এর মধ্যে ৬টিতে জয় পাওয়া এবং আরও কয়েকটি আসনে “তীব্র ও সম্মানজনক” প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা একটি “অসাধারণ অর্জন”। ইউনূসের মতে, এই সাফল্য শুধু নির্বাচনী পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন এবং গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, চব্বিশের আন্দোলনের সময় নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করতে ভূমিকা রেখেছিল। তিনি নাহিদ ইসলামের সহযোদ্ধাদের আত্মত্যাগের কথাও উল্লেখ করে ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

বার্তায় ইউনূস বলেন, নাহিদ ইসলামকে কিছুদিন উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়াটিকে তিনি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখেন। ওই সময়ে নাহিদের কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে, নতুন ধারণা জায়গা পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয়। তিনি মনে করেন, এনসিপির অল্প সময়ের সাফল্য প্রমাণ করে—বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। তবে এই আস্থা রক্ষা করাকে তিনি দলের জন্য “বড় দায়িত্ব” হিসেবে উল্লেখ করেন।

সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার একটি “ঐতিহাসিক সুযোগ” এনসিপি পেয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে ইউনূস প্রত্যাশা করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।