আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন উপলক্ষে নির্ধারিত ছুটি শেষ হওয়ায় আজ থেকে ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাকের পণ্য আনলোড করে দেশীয় ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। পাশাপাশি বন্দর অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন বন্দর বন্ধ ছিল। নির্ধারিত ছুটি শেষে ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।