সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। শেখ আব্দুর রশীদ জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।” তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হতে পারে—এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিষয়টি নির্ভর করবে সংসদ নেতা ও যিনি প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। তিনি কতজনকে এখন মন্ত্রী হিসেবে দেখতে চান বা পরে অন্তর্ভুক্ত করতে চান—এটি তার ইচ্ছার বিষয় বলেও উল্লেখ করেন।
শপথ অনুষ্ঠান ১৭ না ১৮ তারিখ—কোন দিনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি নির্দিষ্ট তারিখ জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকার থেকে যখন যে সময়সূচি বা নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ীই তারা কাজ করবেন; তার আগে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।