নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক প্রধান

0
15
নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইভারস আইজাবস জানান, ইইউর পর্যবেক্ষকরা ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, “গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে। যদিও, নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল।”

নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।

তবে নির্বাচনে কম সংখ্যক নারীর অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি তুলে ধরেছে বলেও মন্তব্য করেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান। তিনি বলেন, নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, চরিত্রহরণ এবং যৌন নির্যাতনমূলক আচরণ ছিল, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডিজিটাল নির্যাতনের শিকারদের পরিবারের প্রতি ইইউ সমবেদনা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইভারস আইজাবস আরও বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয়-পরাজয় মেনে নিয়েছে, তা প্রশংসার যোগ্য।