বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাড়াবাড়ী এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোকাররম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার রতনোর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য আনুমানিক ৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, পরে বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।