আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন

0
30
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন—এমন জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সকালে পুলিশ সদর দপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং নিয়মিত সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম। ওই সভায় উপস্থিত কর্মকর্তাদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বলেও দাবি করা হচ্ছে। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে তিনি চূড়ান্ত কিছু না বললেও দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইজিপির পদত্যাগপত্র গৃহীত হয়েছে—এমন কোনো খবর তারা পাননি। তবে পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে তিনি “শুনেছেন” বলেও উল্লেখ করেন।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলেও জানা যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে অবসরে যান। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দিয়েছিল, সে হিসাবে চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করছেন—এমন গুঞ্জন ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, নতুন সরকার মঙ্গলবার শপথ নেওয়ার পর আইজিপিকে পদত্যাগপত্র নতুন সরকারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।