আবারও পেছাল হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল

0
17
আবারও পেছাল হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে আদালত নতুন দিন নির্ধারণ করেন। এর আগে ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির চার্জশিটে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করলে আদালত আবেদন মঞ্জুর করে পুনর্তদন্তের নির্দেশ দেন।

ঘটনাটি ঘটেছিল গত ১২ ডিসেম্বর। সেদিন মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির অটোরিকশায় গুলি চালায় মোটরসাইকেলসওয়ারী দুষ্কৃতকারী। গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, অপারেশনের পর এভারকেয়ারে রাখা হয়। পরে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।