উল্লাপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা-ভাঙচুর: ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারি গ্রেপ্তার

0
36
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা-ভাঙচুর: ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন-পরবর্তী সময়ে যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন আব্দুল আলিম সরদার (উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির) এবং আব্দুল কাদের খন্দকার (একই ইউনিয়নের সেক্রেটারি)।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভের পরদিন শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম জানান, এ ঘটনায় আব্দুল লতিফ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।