ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ১১ দলীয় জোটের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। এদিন বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠকটি হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে—এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এসব হামলার প্রতিবাদেই সোমবার ঢাকায় বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে জোট।
নির্বাচন সংক্রান্ত অভিযোগ তুলে তিনি বলেন, কালো টাকার ব্যবহারসহ “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” হয়েছে বলে তারা মনে করেন। কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেরাই সিল মেরেছে—এমন অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এছাড়া ভোটগ্রহণে বাধা, ভীতি প্রদর্শন, কম ভোট কাস্টিং, কোথাও অস্বাভাবিকভাবে বেশি ভোট পড়া এবং অতিরিক্ত ব্যালট ব্যবহারের অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব বিষয় কমিশনকে বারবার জানানো হলেও সন্তোষজনক পদক্ষেপ তারা দেখেননি।
ভোটগণনার সময় এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া, ফলাফলের শিটে ঘষামাজা এবং ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের অভিযোগও তিনি তুলে ধরেন।