বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

0
38
বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

বগুড়া জেলার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার রাতেও তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

নিহতের মেয়ে সাদিয়া জানান, প্রতিদিনের মতো সেদিনও তার বাবা গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সকালে খোঁজ নিয়ে বাড়ির সামনের ঘাসে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

গাবতলী মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, নিহতের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।