বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভা স্পিকার ওম বিরলা ঢাকা সফরে আসছেন। তার সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে আন্তর্জাতিক এআই সামিটের কারণে একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান দেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদীর দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত থাকায় প্রধানমন্ত্রীর ঢাকা সফর সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে লোকসভা স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন। দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে।