মার্করামের ঝড়ো ৮৬ রানে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

0
35
মার্করামের ঝড়ো ৮৬ রানে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

আফগানিস্তানের বিপক্ষে দুই সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচ জেতার পর এবার দাপুটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে। এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।

আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০০ রানের আভাস দিলেও মার্কো জানসেনের পাওয়ারপ্লের দারুণ বোলিংয়ে তাদের ইনিংস থামে ১৭৫ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে ম্যাচ জিতে নেয়। মার্করাম ৪৪ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ওঠে ৮৩ রান। মার্করামের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪.৪ ওভারে ৬২ রান আসে। পরে কুইন্টন ডি কক ২০ রানে আউট হন। নিউজিল্যান্ড সমান ২১ রানে রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিসকে ফিরিয়ে কিছুটা চাপ তৈরি করলেও মার্করাম ম্যাচ বের করে নেন। ডেভিড মিলার ২৪ রানে অপরাজিত ছিলেন। ১৯ বলে ফিফটি করা মার্করামের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা।

এর আগে নিউজিল্যান্ড ইনিংসের শুরুটা আক্রমণাত্মক ছিল। প্রথম বলেই চার মারেন টিম সেইফার্ট। ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩.১ ওভারে ৩৩ রান তোলার পর পরের বলেই জানসেন ১৩ রানে সেইফার্টকে ফেরান। একই ওভারে অ্যালেন টানা ছক্কা ও চার মেরে রান তোলেন। ষষ্ঠ ওভারে জানসেনের জোড়া আঘাতে বড় ধাক্কা খায় কিউইরা। অ্যালেন ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রান করে আউট হন। পাওয়ারপ্লেতে নিজের দুই ওভারে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন জানসেন।

মাঝের ওভারগুলোতে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে সতর্ক ব্যাটিং করতে হয় নিউজিল্যান্ডকে। ১০ ওভারে ৪ উইকেটে ৯২ রান তোলার পর কয়েক ওভারে মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল মিলে গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে ১৪তম ওভারের শেষ বলে চাপম্যান ফিরলে আবার ছন্দ হারায় তারা। জানসেনের বলে ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে আউট হন চাপম্যান। শেষদিকে মন্থর ব্যাটিংয়ের পর শেষ দুই বলে জেমস নিশামের টানা দুটি চারে নিউজিল্যান্ড ১৭৫-এ পৌঁছায়। নিশাম ১৫ বলে ৩ চারে ২৩ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া জানসেন ম্যাচসেরা হন। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’র শীর্ষে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে প্রথম হার দেখলেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।