জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি শুনছেন অন্তর্বর্তী সরকারের “অনেক উপদেষ্টা” সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। এ অবস্থায় তিনি উপদেষ্টাদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব-বিবরণী এবং জনগণের সামনে তাদের কাজের “সালতামামি” প্রকাশ করতে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ শেষে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন… সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে “ভোট চুরির মাধ্যমে” তাকে হারানো হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনে “ইঞ্জিনিয়ারিং” হয়েছে এবং এতে “এস্টাবলিশমেন্ট” ও “প্রশাসনের” অনেকে জড়িত ছিলেন।
বক্তব্যে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও কঠোর সমালোচনা করেন এবং নির্বাচন ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নানা অভিযোগ তোলেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, নারী নির্যাতনের ঘটনাও ঘটছে—এগুলো নিয়েও তিনি প্রধান উপদেষ্টাকে দায়ী করেন।
এ বিষয়ে বিএনপি বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।