৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট

0
26
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি এবং ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের এক ব্রিফিংয়ে নেতা জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট দিতে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, এসব বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। জুবায়ের আরও বলেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কিছু আসনে দ্রুততার সঙ্গে ফল ঘোষণা করা হয়েছে—যা পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি করেছে। অনিয়ম হয়েছে এমন কেন্দ্রগুলোতে পুনর্গণনার আবেদন করা হবে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন এলাকায় হামলায় আহত-নিহতের ঘটনা ঘটেছে; পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, উল্লিখিত ৩০টি আসনে ভোট পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন বলে তারা মনে করেন।

ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসংগতি রয়েছে। তিনি এজেন্টদের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিত, ওভাররাইটিং, কার্বন কপি ব্যবহার, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার এবং কলমে কেন্দ্রের নাম লেখার মতো অনিয়মের উদাহরণ তুলে ধরেন।

১১ দলীয় জোট যে ৩০টি আসনে পুনর্গণনার আবেদন করবে বলে জানিয়েছে, সেগুলো হলো ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।

জোট নেতারা বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের আস্থা রক্ষায় পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফল নিশ্চিত করাকে তারা রাজনৈতিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।