গাইবান্ধায় কারাগার থেকে চিকিৎসায় নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

0
50
গাইবান্ধায় কারাগার থেকে চিকিৎসায় নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জেলা কারাগার কর্তৃক নিশ্চিত করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা জেলার মো. আতিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

নিহত নেতা শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

কারাগার সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতির পর চিকিৎসকরা রংপুরে রেফার করেন, কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান।

জেলা জেলার মতে, শামিকুল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১১টা ৮ মিনিটে তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি একাধিকবার কারাবরণ করেন এবং জামিনে মুক্তি পাওয়ার পরও অন্য মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ১৭ অক্টোবর কারায় আসেন এবং নভেম্বরেও অসুস্থতায় রংপুরে চিকিৎসা নেন।