সিরিয়া-লেবানন সীমান্তসংলগ্ন লেবাননের মাজদাল আনজার এলাকায় ইসরায়েলের বিমান বাহিনীর বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিরিয়ার সীমান্তরক্ষী খালেদ মোহাম্মদ আল-আহমাদও রয়েছেন বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় সকালে এ হামলা হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক বিবৃতিতে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের সংখ্যা উল্লেখ করা হলেও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে আইডিএফ জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) কয়েকজন সদস্য মাজদাল আনজার এলাকায় আত্মগোপনে ছিলেন এবং তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ গাজাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যা হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে চালানো হামলায় হামাসের পাশাপাশি পিআইজের যোদ্ধারাও অংশ নিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সোমবারের হামলার বিষয়ে এখন পর্যন্ত পিআইজের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সোমবারের এই হামলা সেই চুক্তির পরিপন্থি। যদিও যুদ্ধবিরতির পরও লেবাননের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, বিশেষ করে হিজবুল্লাহ সংশ্লিষ্ট এলাকা ও স্থাপনাকে কেন্দ্র করে এসব হামলা বেশি হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নভেম্বরের পর থেকে লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজারেরও বেশি হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১০৮ জন, যাদের মধ্যে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।