ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কৃষ্ণ সাগরের তীরবর্তী রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর তামান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা এবং অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি করা হয়।
রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত তামান বন্দরটি লক্ষ্য করে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ জানান, হামলায় বন্দরের তেল সংরক্ষণ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশাপাশি কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। তবে এসব এলাকায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী তামান বন্দরে হামলার বিষয়টি স্বীকার করেছে। রোববার ইউক্রেনীয় সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা হামলার লক্ষ্যবস্তু করা হবে।