নতুন সরকার নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

0
16
নতুন সরকার নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, নির্বাচনের জন্য অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, সেটির সংখ্যাও ইতোমধ্যে কমানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

ভাষণে সেনাপ্রধান বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে এবং নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরে যাবে। পাশাপাশি নির্বাচনের সময় মোতায়েন করা অতিরিক্ত ফোর্স ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় সেনাপ্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। একই সঙ্গে ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।