পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা–য় গভীর রাতে একদল দুর্বৃত্তের হামলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার সংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। তার সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল–এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরে গভীর ক্ষত রয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এদিকে, পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল এ হামলাকে নির্বাচনী সহিংসতা দাবি করে বলেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।