জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানতে প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

0
36
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানতে প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুটি অনুশাসন দিয়েছেন—কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি প্লটও নেবেন না।

তিনি বলেন, “আজ থেকে পরিবর্তন শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার ওপরে থাকবেন, সেটা আর হবে না।”

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি—এ বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে এবং সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। তার দাবি, সিইসি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর জন্য “অ্যাপ্রোচ” করেননি এবং তারাও সেই শপথ নেননি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি, সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এ রাষ্ট্রটাকে পরিচালনা করব।”