বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮০। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যেখানে মঙ্গলবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৬০। এই মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
আইকিউএয়ারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২২৯। চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৫। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।