রমজান উপলক্ষ্যে আজ থেকে টিসিবির ট্রাকে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু

0
32
রমজান উপলক্ষ্যে আজ থেকে টিসিবির ট্রাকে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু

পবিত্র রমজানকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় বিশেষ এই কার্যক্রম নেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ বিক্রয় কার্যক্রম চলবে।

টিসিবি জানায়, ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য ৭টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। কার্যক্রমটির আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মধ্যে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (১৬০ টাকা) কিনতে পারবেন।

এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও চলমান থাকবে বলে জানিয়েছে টিসিবি। রমজান উপলক্ষ্যে এই কার্ডধারীদের জন্য ফেব্রুয়ারিতে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বরাদ্দ করা হয়েছে। কার্ডধারী পরিবারগুলো নির্ধারিত মূল্যে তেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা/কেজি) এবং খেজুর (১৬০ টাকা/কেজি) কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।