খুলনার তেরখাদায় বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

0
35
তেরখাদায় বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

খুলনার তেরখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা, কমরুল শেখ (৩২), হুমায়ুন মোল্যা, সাদী শেখ, সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা-৪ আসনের নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল এবং ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করে আলোচনা চলাকালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নিয়ে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর কিছু সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ এবং স্থানীয় নেতাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”