নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হলেন শফিকুল আলম

0
43
নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হলেন শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হিসেবে যোগদান করেছেন। একই সঙ্গে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এর আগে দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।