রামুতে নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে দেড় লাখ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

0
11
রামুতে নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে দেড় লাখ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে নম্বরবিহীন একটি মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হারুন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহাম্মদ হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, মরিচ্যা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে একটি নম্বরবিহীন মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রামুর শিকলঘাটা ব্রিজের প্রায় ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

তিনি বলেন, চেকপোস্টে আসা মিনি ট্রাকটি বেপরোয়া গতিতে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৌড়ে পালানোর সময় একটি সাদা বস্তাসহ একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে, যার মূল্য কোটি টাকারও বেশি বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।