আমিরাতকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল দক্ষিণ আফ্রিকা

0
32
আমিরাতকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল দক্ষিণ আফ্রিকা

ফিল্ডারদের হাত থেকে চারটি ক্যাচ পড়ে গেলেও জিততে খুব একটা বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকার। সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ১২২ রানের লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পূরণ করে আইডেন মার্করামের দল।

আগেই সুপার এইট নিশ্চিত হওয়ায় এদিন বিশ্রামে ছিলেন ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কেশাভ মহারাজ ও মার্কো ইয়ানসেন। সকালের বৃষ্টির পর সিক্ত আবহাওয়ায় উইকেটও দীর্ঘ সময় ঢাকা থাকায় টস জিতে বোলিং বেছে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

ব্যাট করতে নেমে আমিরাত শুরুতে ভালো ইঙ্গিত দিয়েছিল। প্রথম তিন ওভারে ৩০ রান তুলে নিলেও এরপর ছন্দ হারায় তারা। পঞ্চম ওভারে স্পিন আক্রমণ আসতেই বদলে যায় ম্যাচের গতি। জর্জ লিন্ডে বিদায় করেন আমিরাতের সফলতম ব্যাটসম্যান ওয়াসিমকে (১২ বলে ২২)। পরের ওভারে করবিন বশ এসে তুলে নেন আরিয়ানশ শর্মার উইকেট (১৭ বলে ১৩)। এরপর বড় কোনো জুটি গড়তে পারেনি আমিরাত—৩৮ রানের উদ্বোধনী জুটিই ছিল ইনিংসের সর্বোচ্চ।

তিন নম্বরে নেমে এক প্রান্ত ধরে রাখেন আলিশান শারাফু, তবে সঙ্গী না পাওয়ায় ইনিংস বড় করা সম্ভব হয়নি। তার ৩৮ বলে ৪৫ রানের ইনিংসই আমিরাতের সর্বোচ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানে থামে তাদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বশ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

জবাবে রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা কিছুটা অতিআগ্রাসী হয়ে চার উইকেট হারালেও লক্ষ্য এতটাই ছোট ছিল যে জয় সহজই থাকে। ওপেনিংয়ে নেমে মার্করাম ১১ বলে ২৮ করেন। কুইন্টন ডি কক ১৬ বলে ১৪ রান করে ফিরলেও ফর্মে থাকা রায়ান রিকলটন ১৬ বলে ৩০ করেন। ডেওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি ছক্কা। ১৩.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান তুলে ৬ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে সুপার এইটে উঠল প্রোটিয়ারা। অন্যদিকে এক ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ হলো সংযুক্ত আরব আমিরাতের।