আওয়ামী লীগ সরকারের সময়ে সংসদ সদস্য থাকায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক মামলা হয় বলে উল্লেখ করে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষাপটে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে এবং সরকার এ ব্যাপারে নমনীয় থাকবে।
মঙ্গলবার রাতে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল হক বলেন, “সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার। সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এ ব্যাপারে নমনীয় থাকবো। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।”
তিনি জানান, আইনি জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়ে তাদের ক্রিকেটীয় কর্মকাণ্ডে ফেরানোর চেষ্টা করা হবে। আমিনুল হক বলেন, “যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।”
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন “প্রশ্নবিদ্ধ ছিল” এবং এ বিষয়ে বসে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষ্য, “এটা নিয়ে আমরা বসবো, আলোচনা করবো। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে প্রয়োজনীয় পদক্ষেপ করবো।”
ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যা বা কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে আমিনুল হক জানান, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা থাকবে এবং ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির নিয়ম মেনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।