আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর থানার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকার দিকে যাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে দুপুরে মাঝিড়া বন্দর এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ৩টার দিকে ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীর দায়ের করা মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেন এবং ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করতে বাধ্য করেন। পরে বিয়ে করতে অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল তিনি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।