ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে শওকত বেপারি (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান মন্ডল (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন নিহত-আহতের পরিচয় ও ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, ত্রুটি মেরামতের কাজে মাওয়ামুখী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন। তিনি থেমে থাকা ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন বলে জানায় ফায়ার সার্ভিস। অপর আহত ইমরান মন্ডলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।