ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের স্বার্থ বিবেচনায় আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
রেল খাতে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক স্থানে রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা সম্ভব হয়নি। কোথাও ইঞ্জিন এসেছে কিন্তু বগি নেই—আবার কোথাও বগি থাকলেও ইঞ্জিন নেই—এমন অসামঞ্জস্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী রেল খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের অভ্যন্তরেই ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কি না, তা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় বাড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রাসময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার দিকেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।