মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ—সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
বৃহস্পতিবার সকালে মহাখালির প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের কষ্ট লাঘবে সরকারের এ ধরনের উদ্যোগ সহায়ক হবে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা এবং সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জনগণের কল্যাণে কাজ করেই নেতৃত্ব মানুষের আস্থা অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।