সতীর্থ হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড মেসি-বুসকেতসের

0
8
সতীর্থ হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড মেসি-বুসকেতসের

সতীর্থ হিসেবে একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেতস। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) সম্প্রতি প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

আইএফএফএইচএসের তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেতস জুটি হিসেবে একসঙ্গে খেলেছেন মোট ৬৫৩ ম্যাচ। জুটি বেঁধে সতীর্থ হিসেবে এত ম্যাচ খেলার নজির আর কোনো জুটির নেই।

২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় তাদের একসঙ্গে পথচলা। বার্সেলোনার হয়ে তারা একসঙ্গে খেলেছেন ৫৬৯ ম্যাচ এবং পরে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন আরও ৮৪ ম্যাচ। মেসি এখনও খেললেও বুসকেতস গত বছর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।

এ তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছেন বুসকেতস। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে জেরার্দ পিকের সঙ্গে বুসকেতস একসঙ্গে খেলেছেন ৬২০ ম্যাচ। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৫৩৩ ম্যাচ এবং স্পেনের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন তারা।

আইএফএফএইচএসের তালিকা অনুযায়ী, পেশাদার ফুটবলের ইতিহাসে ৬০০’র বেশি ম্যাচ একসঙ্গে খেলেছেন—এমন জুটি আর মাত্র দুটি। বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলার একসঙ্গে খেলেছেন ৬১১ ম্যাচ, আর ১৯৬৫ থেকে ১৯৭৯ সময়কালে গার্ড মুলার ও সেপ মেয়ারও একসঙ্গে খেলেছিলেন ৬১১ ম্যাচ।