ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

0
31
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তাদের আগের দায়িত্বকালীন সময়ে হেরিটেজ, সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা সম্ভব হয়নি। এবার এ বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং কীভাবে এসব প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের রেগুলেটরির আওতায় আনা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই থাকতে হবে—এর কোনো বিকল্প নেই। একই রাষ্ট্রে ভিন্ন কোনো পদ্ধতি চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম অনুমোদিত উল্লেখ করে তিনি বলেন, সেগুলো কীভাবে সরকারি নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে সমন্বিত করা যায়, সে বিষয়েও ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিগগিরই জাতীয় কারিকুলাম বা পাঠ্যক্রম পর্যালোচনা করা হবে। যেখানে সংশোধন বা পরিমার্জন প্রয়োজন, তা করা হবে। এজন্য অভ্যন্তরীণ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কারিকুলাম বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় সাধনের উদ্যোগ নেওয়া হবে।