জনগণের টাকায় চলি, জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

0
27
জনগণের টাকায় চলি, জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার বাস্তবতার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, “আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। ভিন্নমত ও বিভেদ ভুলে দলগতভাবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়, বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি—এ কারণে পুনর্গঠন প্রক্রিয়াকে টেকসই ও ফলপ্রসূ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

গ্রামীণ জনগোষ্ঠীর কষ্টের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এটি কেবল আবেগের বিষয় নয়, বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামের মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রেখে জনগণের কাছে পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি।

তিনি আরও বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে তবেই ইশতেহার ও ৩১ দফার বাস্তবায়ন সম্ভব হবে। একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে এ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।