দুর্নীতি ও সিন্ডিকেটের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও কোনো সিন্ডিকেট থাকতে পারবে না এবং সরকারও সিন্ডিকেটের কবলে পড়বে না।
বুধবার মন্ত্রণালয়ে প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছান। এ সময় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। একই দিনে নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও মন্ত্রণালয়ে যোগ দিলে তাকেও সচিবসহ কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান। পরে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
দায়িত্ব গ্রহণের অনুভূতি জানাতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, “আমি বড় কিছু হয়ে যাইনি; বরং স্ট্রেস আরম্ভ হয়েছে। একটা গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কাজটা ভালোভাবে করে যেদিন আমি প্রধানমন্ত্রী ও দেশের মানুষের সন্তুষ্টি পাবো তখনই আমার ভালো অনুভূতি হবে।” তিনি বলেন, গ্রাম পর্যায়ে মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই তিনি কাজ করবেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে দৃশ্যমান কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো কিছুর ঘাটতি বা প্রত্যাশামতো সেবা না পেলে মানুষ বিকল্প খোঁজে। তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বাড়ানো গেলে মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। ব্যক্তিগতভাবেও একান্ত প্রয়োজন না হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না বলে জানান তিনি।
দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখানে কোনো দুর্নীতি হতে পারবে না। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।”
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, আগামী ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করবেন। এ লক্ষ্যে তিনি আকস্মিক পরিদর্শনে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, চিকিৎসকরা সময়মতো উপস্থিত না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।