ইতালির ভিসা জালিয়াতি: দুই বাংলাদেশির কারাদণ্ড

0
31
ইতালির ভিসা জালিয়াতি: দুই বাংলাদেশির কারাদণ্ড

বাংলাদেশ ও ইতালিকে ঘিরে বহুল আলোচিত ফুলচ্ছি ভিসা জালিয়াতি মামলায় দুই বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছে ইতালির আদালত। রোমের ট্রাইব্যুনাল দি রোমা সম্প্রতি এই রায় ঘোষণা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম ও কাজি শামিম। ইতালির সংবাদমাধ্যম জানায়, আদালতে হাজির হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন। ফৌজদারি আইনের অধীনে ‘প্যাটেজ্জিয়ামেন্তো’ অর্থাৎ দোষ স্বীকারের ভিত্তিতে আদালত নজরুল ইসলামকে ৪ বছর ৮ মাস এবং কাজি শামিমকে ৪ বছর ২ মাসের কারাদণ্ড দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র ইতালিতে কাজের ভিসা পাইয়ে দেওয়ার নামে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করত। তদন্তে জানা যায়, জনপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো। চক্রটি ভুয়া চাকরির চুক্তিপত্র তৈরি, অনিয়মিত কাগজপত্র ব্যবহার এবং প্রভাব খাটিয়ে ভিসা ও রেসিডেন্স পারমিট সংগ্রহের চেষ্টা করত।

প্রতিবেদনে আরও বলা হয়, একজন ইতালীয় সংসদ সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত শুরু হয়। পরে বাংলাদেশ ও ইতালির মধ্যে সক্রিয় একটি দালাল নেটওয়ার্কের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। বিশ্লেষকদের মতে, ইউরোপে কাজের ভিসা সংক্রান্ত জালিয়াতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে ইতালীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে কঠোর অবস্থান নিয়েছে এবং এই রায় তারই প্রতিফলন।