ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

0
9
ঈদের আগেই 'ফ্যামিলি কার্ড' চালু হবে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করার চিন্তা করছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের গোকুন্ডা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা হয়েছিল এবং সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে বলে তিনি জানান।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইফতার ও সেহরিতে যেন বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে এবং কে মামলা পেল বা দুর্নীতি করল, সেটি দেখার দায়িত্ব দুদকের।

তিনি আরও জানান, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় লালমনিরহাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।