কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত (৭৭) নিহত হয়েছেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।