পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের অংশ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের সোলজার বাজার এলাকার গুল রানা কলনিতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানান, ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র ধাক্কায় পুরো ভবনটি ধসে পড়ে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।’
এদিকে এই মর্মান্তিক ঘটনায় সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, করাচিতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত জুলাই মাসেও শহরের উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। সেই ঘটনায় ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হন।
করাচি শহরের অনেক ভবনই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নগর প্রশাসন ইতোমধ্যে শহরের প্রায় ৬০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষের মতে, তালিকাভুক্ত এসব ভবন অত্যন্ত দুর্বলভাবে নির্মিত এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।