ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করেছে। নতুন সরকার আসার পর সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন, নাকি দেশের বাইরে চলে যাবেন—এসব নিয়ে চলছে নানা আলোচনা।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের তিন দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাধারণত গণভবন সরকারপ্রধানের বাসভবন হলেও শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের কারণে গণভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে অন্তর্বর্তী সরকারপ্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করে। পরে গণভবনকে ‘জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করা হওয়ায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেখানে ওঠার কোনো সুযোগ নেই।
নতুন সরকার গঠিত হওয়ায় অধ্যাপক ইউনূসকে এখন যমুনা ছাড়তে হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, অধ্যাপক ইউনূস এখন এক সপ্তাহের জন্য যমুনায় আছেন এবং এরপর গুলশানের নিজ বাসায় চলে যাবেন। বৃহস্পতিবারও তিনি স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছিলেন।
এডিসি আরও জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনায় উঠবেন। তবে সেখানে কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে এবং উঠতে মাস দুয়েক সময় লাগতে পারে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন তার পছন্দ অনুযায়ী কিছু সংস্কার করতে হবে। আগে প্রধান উপদেষ্টা ওঠার সময়ও কিছু কাজ হয়েছিল। তিনি জানান, যমুনা খালি পাওয়ার পর এক মাসের মধ্যে সংস্কার শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ড. ইউনূসের যমুনা ছাড়ার সুনির্দিষ্ট দিন-তারিখ তিনি জানাননি।
অধ্যাপক ইউনূস আপাতত দেশেই থাকছেন। মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে পাঁচ দিনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালেই এই সফর নির্ধারিত হয়েছিল এবং অনুষ্ঠান শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান প্রকৌশলী আরও জানান, অধ্যাপক ইউনূস এখন যমুনায় বসে ব্যক্তিগত কাজ করছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন এবং তার ‘থ্রি জিরো’ কনসেপ্ট নিয়ে নিয়মিত কাজ করবেন। তবে অধ্যাপক ইউনূস নিজে এ বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি।