পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
24
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তান ফাহিমা খাতুনের দলের সঙ্গে পেরে ওঠেনি। এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত ‘এ’ দল। ফলে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২৩ সালে অনুষ্ঠিত প্রথম আসরেও ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেবার ভারত শিরোপা জিতেছিল। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশের মেয়েরা।

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে একেবারে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। দলীয় মাত্র ৩০ রানে অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যায়। শুরুর সেই ধাক্কা আর সামলাতে পারেনি পাকিস্তান; ১৬ দশমিক ৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় তারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া হাফসা খালিদ ১২ ও উসরা আমির ১১ রান যোগ করেন। তবে ম্যাচে সবচেয়ে বড় প্রভাব রাখেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। অধিনায়ক ফাহিমা সমান রান দিয়ে ২ উইকেট নেন। পাশাপাশি ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট তুলে নেন।