পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

0
25
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এর দুই দিন পর ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই আয়োজিত হবে রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দিন দুয়েকের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন তারা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজটি হবে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের প্রত্যাবর্তন।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। ফলে স্বল্প সময়ের ব্যবধানে দুই দফায় বাংলাদেশের মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।