রংপুরের মিঠাপুকুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো বোনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিনকে (৬০) ৩১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘ তিন দশক ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বদরগঞ্জ পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৯৯৫ সালে শফি উদ্দিন জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তার ফুফাতো বোনকে নির্মমভাবে হত্যা করেন। এই ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি শফি উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই শফি উদ্দিন আত্মগোপনে চলে যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বদরগঞ্জ উপজেলায় ছদ্মবেশে বসবাস শুরু করেন। দীর্ঘ সময় ধরে তিনি গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি, ভুক্তভোগীর পরিবার আদালতের রায় কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়। বিষয়টি র্যাব-১৩ এর নজরে এলে তারা গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামির অবস্থান নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র্যাব-১৩ এর একটি দল বদরগঞ্জে অভিযান চালিয়ে ৩১ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।” দীর্ঘ সময় পর হলেও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনায় ভুক্তভোগীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে।