বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

0
22
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগে উন্নীত করতে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা কেন পান না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি তার জানা আছে এবং এই সরকারের আমলেই বিষয়টি সমাধান হয়ে যাবে।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ঘুষ-বাণিজ্য হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। বদলি ব্যবস্থায় কোনো ত্রুটি থাকলে সেটিও চিহ্নিত করে সমাধান করা হবে।