বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

0
7
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুসারে দেশের মোট রিজার্ভের পরিমাণ এখন ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রবাসী আয়ের ক্রমবর্ধমান প্রবাহ বড় ভূমিকা রাখছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা এ যাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার, অর্থাৎ এবার প্রবাসী আয় আগের বছরের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে। ডলারের বিনিময় হার যাতে হঠাৎ পড়ে না যায়, সেজন্য বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। এতে একদিকে ডলারের দর স্থিতিশীল থাকছে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও বাড়ছে।