মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ১৫ হাজার সদস্য।
দিনটিকে সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনাও ঢেলে সাজানো হয়েছে। নীলক্ষেত, পলাশী ও বকশিবাজার ক্রসিংসহ সাতটি স্থানে ডাইভারশন এবং তিনটি স্থানে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহীদ মিনারের চারপাশে র্যাব ও পুলিশের কন্ট্রোলরুম স্থাপনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।