শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, বেঁচে গেল শিশু

0
22
শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, বেঁচে গেল শিশু

শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। তবে তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ব্রিজের দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ ইশারা করেন। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াকের মৃত্যু হয়। তবে অবিশ্বাস্য হলেও তাদের সঙ্গে থাকা এক শিশু এই দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।