নবগঠিত সরকারের কার্যক্রম গতিশীল করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ জন উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত এই তিন নেতা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে প্রশাসনের সমন্বয়ে সরাসরি ভূমিকা রাখবেন।
মন্ত্রী পদমর্যাদার অন্য দুই উপদেষ্টার মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দক্ষ অর্থনীতিবিদ হিসেবে পরিচিত রাশেদ আল মাহমুদ তিতুমীরকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যেও দপ্তর বণ্টন হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তরুণ ব্যক্তিত্ব মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।