৮ বিভাগে পাইলটিং শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

0
26
৮ বিভাগে পাইলটিং শুরু হচ্ছে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।

কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত নকশা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলা বেছে নিয়ে সেখানে কার্ড প্রবর্তনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের জন্য চালু থাকা অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে কাজে লাগানো সম্ভব কি না, তাও পর্যালোচনা করবে কমিটি।

এ ছাড়া সুবিধাভোগীদের তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস গড়ে তোলার সুপারিশও দেবে এই কমিটি।

আসন্ন ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। কমিটির সভা প্রয়োজন অনুসারে বসবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।