গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
28
গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই এবং এই প্রক্রিয়া ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে মেজর হাফিজ বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। দেশ এখনো এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। তিনি আরও বলেন, যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে, তার মধ্যেও নানা বিভ্রান্তি রয়েছে।